ডেস্ক নিউজ : বিদ্যুৎ ব্যবহারের ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের ইতিবাচক পরিবর্তন এলেও অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও নিরবচ্ছিন্ন সরবরাহের অভাব প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর এক সমীক্ষায় দেখা গেছে, রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮৯ শতাংশ পরিবার বিদ্যুৎ ব্যবহারে জীবনমান উন্নতির কথা জানালেও ৬৯ শতাংশ পরিবার আয় বৃদ্ধির তুলনায় বিলের অতিরিক্ত চাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এছাড়া ৫৫ শতাংশ পরিবার বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতাকে খারাপ বা খুব খারাপ বলে উল্লেখ করেছে।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গণসংলাপে সমীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়।
এক দশকে জীবনযাত্রার মান উন্নয়ন
রাজশাহীর ৩৩৪টি এবং শৈলকুপার ২২২টিসহ মোট ৫৫৬টি পরিবারের ওপর পরিচালিত এ সমীক্ষায় উঠে এসেছে যে, গত এক দশকে প্রান্তিক বা লাইফলাইন গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। উত্তরদাতাদের ৮৫ শতাংশের বিদ্যুৎ ব্যবহার এবং ৭৭ শতাংশের বাসায় বৈচিত্র্যময় বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ফ্রিজ ব্যবহারের হার ১০ থেকে বেড়ে ৪০ শতাংশ এবং টেলিভিশন ব্যবহারের হার ৩৪ থেকে ৪৮ শতাংশে উন্নীত হয়েছে। পাশাপাশি ৭৬ শতাংশ পরিবার শিশুদের পড়াশোনার পরিবেশ উন্নয়ন এবং ৯৭ শতাংশ পরিবার রাতে নিরাপত্তার বোধ বাড়ার কথা নিশ্চিত করেছেন।
