ডেস্ক নিউজঃ চট্টগ্রামে টানা ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়া রেলপথ ভবিষ্যতে ৫ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইনের উচ্চতা বাড়ানোর কাজের জন্য ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত পানিতে ডুবে থাকা রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টানা বর্ষণের কারণে চট্টগ্রাম নগরের ষোলোশহর থেকে জানালিহাট সেকশনের প্রায় চার কিলোমিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এতে মঙ্গলবার দুপুর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পথে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে।
