আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নয়াদিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি, কলকাতা, জম্মু ও বেঙ্গালুরুর মতো প্রধান শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রোববার পাটনায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে করা মন্তব্যের জবাবে খাড়গে ‘মোদি কা বাপ ভি জায়েগা’ বলে মন্তব্য করলে এই রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়। এর প্রতিবাদে বিহার ও জম্মুতে বিজেপি কর্মীরা খাড়গের কুশপুত্তলিকা ও পোস্টার দাহ করে এবং বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিশাল প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক… এই পুরো ঘটনার সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এই মন্তব্যগুলো সাধারণ কোনো কংগ্রেস কর্মী বা যুব নেতা করেননি, বরং দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল হিসেবে দাবি করা একটি দলের জাতীয় সভাপতি করেছেন।’
তিনি আরও বলেন, ‘কংগ্রেস এখানেই থামেনি; তারা খাড়গে জির কথাগুলোকে যুক্তিযুক্ত করার চেষ্টা করে মানুষের অনুভূতিতে আঘাত করছে। ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশের বদলে কংগ্রেস এই বক্তব্যকে রক্ষা করতে ব্যস্ত।’
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী মন্তব্য করেন, ‘তাদের দলের সবাই অপক্ব, হতাশ ও হতাশগ্রস্ত হয়ে পড়েছে। এত নিচে নেমে তারা ভারতের সংস্কৃতি নষ্ট করছে। যেকোনো প্রয়াত পিতা-মাতা বা যিনি আর জনজীবনে নেই এমন ব্যক্তির নাম টেনে আনা রাহুল গান্ধীর সঙ্গের প্রভাব ও হতাশা প্রকাশ করে।’
কংগ্রেস সভাপতির ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে এর জবাবে বলেন, ‘এই সংস্কৃতিবান মানুষগুলো মোদি ও শাহ অতীতে কী বলেছেন তা ভুলে গেছেন। আমাদের তাদের কাছ থেকে সংস্কৃতি শেখার দরকার নেই।’
অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া-র শরিক আরজেডি সংসদ সদস্য মনোজ ঝা খাড়গের মন্তব্যের সমালোচনা করার পাশাপাশি ক্ষোভের এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘অতীতে যখন বিজেপি নেতারা সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে মন্তব্য করেছিলেন, তখন সংবাদমাধ্যম বা অন্য দলগুলোর মধ্যে এমন ক্ষোভ দেখা যায়নি।’
সূত্র: এনডিটিভি
