ডেস্ক ইউজ : ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছটির প্রাপ্যতা নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এ সময়ে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ, যা জাটকা নামে পরিচিত, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, কেনাবেচা ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়। ওই সময়ে মা ইলিশের ডিম থেকে জন্ম নেওয়া ইলিশের পোনা আগামী কয়েক মাস দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করবে। এসব পোনা নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।
এ জন্য জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সারা দেশে অভিযান চালানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।
