ডেস্ক নিউজ : পাবনার ভাঙ্গুড়ায় হঠাৎ করে বেড়েছে হাম ও ডেঙ্গু রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষও এসব রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন জ্বর ও বিভিন্ন উপসর্গ নিয়ে ভাঙ্গুড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন রোগীরা। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে হামে আক্রান্ত হয়ে মাত্র ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অথচ চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনেই এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। অর্থাৎ, পুরো অক্টোবরের তুলনায় নভেম্বরের প্রথমার্ধেই হামে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
আক্রান্তদের বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হাম এখন আর কেবল শিশুদের মধ্যে সীমাবদ্ধ নেই। গত অক্টোবর মাসে আক্রান্ত ৭ জনের মধ্যে ২ জন শিশু, ২ জন বয়স্ক পুরুষ ও ৩ জন নারী ছিলেন। অন্যদিকে, চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে আক্রান্ত ১১ জনের মধ্যে ৩ জন শিশু, ৪ জন বয়স্ক পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। প্রাপ্তবয়স্কদের মধ্যেও হাম ছড়িয়ে পড়ার বিষয়টি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, হাম পরিস্থিতির পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও কমছে না। গত অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৭ জন রোগী। আর চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনেই নতুন করে আরও ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে গত দেড় মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বজনরা জানান, জ্বর ও শরীরে র্যাশের মতো উপসর্গ দেখা দেওয়ায় দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সাব্বির খান বলেন, হাম ও ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, শরীরে র্যাশ বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর বা র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি। মশার বংশবিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
