ডেস্ক নিউজ : নাটোরের বড়াইগ্রামে বিআরটিসি বাস কাউন্টারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংঙ্কাজনক। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৭),পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৫), পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২), পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫০), যুবদল কর্মী নাজমুল (৩৫) ও সোহেল (৪৮)। এদের মধ্যে ফকির, মমতাজউদ্দিন এবং আকতারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকিরসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী প্রতিপক্ষের লোকজনদের ধাওয়া করে। এরপর দুপুর ১২টার দিকে বনপাড়া বাইপাসের সামনে একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী বসে চা পান করছিলেন। এ সময় প্রতিপক্ষের ৪০ থেকে ৪৫ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে ৭ জন নেতাকর্মী আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। এ সময় একটি চায়ের দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
