সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মামলার দুজনকে গ্রেফতার করা হয়েছিল।’
ওসি এইচ এম শাহীন জানান, প্রধান আসামিসহ এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
