Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের
    জাতীয়

    সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

    MisuBy Misu24 November, 2026No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজঃ সাপের কামড়ের চিকিৎসা উন্নত করা, দেশে অ্যান্টিভেনম উৎপাদন এবং সাপের কামড়ে মৃত্যু কমানোর লক্ষ্যে সরকার প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

    প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে (ভিআরসি,বি) আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে (এনভিআরসি) উন্নীত করা হবে।

    ‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি)’ শীর্ষক তিন বছর মেয়াদি প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

    উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ৪৩ কোটি ৯৯ লাখ টাকা। এর পুরো অর্থায়ন করবে সরকার।

    ২০২৯ সালের মধ্যে একটি আধুনিক সরঞ্জামসমৃদ্ধ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর জাতীয় ভেনম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা এ প্রকল্পের লক্ষ্য। সেখানে আন্তর্জাতিক মান অনুসরণ করে সাপ পালন, বিষ সংগ্রহ, বিষের বিশ্লেষণ এবং বিষবিদ্যা (টক্সিকোলজিক্যাল) সংক্রান্ত গবেষণা করা হবে।

    এছাড়া নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরির উপযোগী পরীক্ষাগার প্রতিষ্ঠা, সাপের কামড় ও বিষক্রিয়ার চিকিৎসায় ক্লিনিক্যাল নির্দেশিকা প্রণয়ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং রোগভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশে সাপের কামড়ে মৃত্যুর হার কমানোর প্রচেষ্টা জোরদার করা হবে।

    স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের দেশব্যাপী জরিপ অনুযায়ী, বাংলাদেশে বছরে আনুমানিক চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। এতে মারা যান প্রায় ৭ হাজার ৫০০ জন। সাপের কামড়ে আক্রান্তদের অধিকাংশই ৩০ থেকে ৪০ বছর বয়সী কর্মক্ষম মানুষ। তাদের মৃত্যুতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সাপের কামড়ে বিষক্রিয়াকে বিশ্বের সবচেয়ে অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগগুলোর একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

    ডিপিপি’তে বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত অ্যান্টিভেনমের একটি বড় সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়েছে। এই অ্যান্টিভেনম ভারত থেকে আমদানি করা হয় এবং মূলত সে দেশের প্রধান চারটি বিষধর সাপের প্রজাতির (যা সাধারণত ‘বিগ ফোর’ নামে পরিচিত) বিষের বিপরীতে তৈরি।

    ফলে আমদানি করা এই অ্যান্টিভেনম বাংলাদেশে পাওয়া যায় এমন বেশ কিছু বিষধর সাপের বিষের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর হয় না; এর কার্যকারিতা আনুমানিক মাত্র ৪০ থেকে ৬০ শতাংশ। এই পরিস্থিতি দেশীয় প্রজাতির সাপের বিষের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে স্থানীয়ভাবে অ্যান্টিভেনম তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

    বাসসের সঙ্গে আলাপকালে ভিআরসি,বি-এর প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, দেশীয় অ্যান্টিভেনম তৈরির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) কর্মসূচির একটি প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থবছরে চট্টগ্রাম মেডিকেল কলেজে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়।

    তিনি বলেন, ২০২৪ সালে এনসিডিসি কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি এর পরিচালন পরিকল্পনাগুলো (ওপি) বন্ধ করে দেওয়া হলে কেন্দ্রটির কার্যক্রম চালু রাখা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দেয়।

    ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, ‘তবে ভিআরসি,বি-কে শক্তিশালী করার জন্য নতুন অনুমোদিত উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব বিষধর সাপের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির পথ সুগম করবে।’

    তিনি জানান, প্রকল্প পরিচালক নিয়োগের পর শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।

    তিনি জানান, বর্তমানে কেন্দ্রটিতে ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে একটি সর্পশালা (সার্পেন্টেরিয়াম), ইঁদুর প্রজনন কক্ষ, সাপের চিকিৎসাকেন্দ্র, কোয়ারেন্টাইন কক্ষ এবং গবেষণাগার রয়েছে।

    কেন্দ্রটিতে বাংলাদেশের প্রায় সব ভৌগোলিক অঞ্চল থেকে সংগৃহীত ৩৭০টিরও বেশি সাপের নমুনা রয়েছে। এর মধ্যে রয়েছে গোখরা, কিং কোবরা, ক্রেইট বা কালাচজাতীয় সাপ, ভাইপার বা চন্দ্রবোড়া ও সবুজ পিট ভাইপার জাতীয় সাপ।

    বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কেন্দ্রটিতে বন্দি অবস্থায় থাকা ১১ প্রজাতির সাপ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০৪ দশমিক ৭৮ গ্রাম বিষ সংগ্রহ করা হয়েছে।

    এছাড়া চন্দ্রবোড়ার বিষের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির ক্ষেত্রেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তবে পর্যাপ্ত অর্থের অভাবে এ উদ্যোগ এখনো সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

    প্রকল্পের বিবরণ অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজকে এ প্রকল্পের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর কারণ চট্টগ্রাম বিভাগের ভৌগোলিক ও পরিবেশগত বৈচিত্র্য। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা এবং উপকূলীয়, বনাঞ্চল ও গ্রামীণ এলাকায় সাপের কামড়ের ঝুঁকি বেশি।

    ভারত ও মিয়ানমারের কাছাকাছি অবস্থান এবং বিভিন্ন প্রজাতির বিষধর সাপের উপস্থিতির কারণে অঞ্চলটি চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ সাপ শনাক্ত, বিষ সংগ্রহ ও বিশ্লেষণ এবং বিষের গঠনে ভৌগোলিক পার্থক্য নিয়ে গবেষণার জন্য বিশেষভাবে উপযোগী।

    প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোটিন ল্যাবসহ সংশ্লিষ্ট গবেষণা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা রয়েছে।

    এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সমন্বিত গবেষণা, পশুচিকিৎসা সহায়তা, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, জনবল প্রশিক্ষণ এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। এতে কার্যকর আন্তঃপ্রাতিষ্ঠানিক গবেষণা নেটওয়ার্ক গড়ে উঠবে।

    এছাড়া দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব কেন্দ্রটির গবেষণার মান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে ডিপিপি’তে উল্লেখ করা হয়েছে।

    ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কেন্দ্রটি সরীসৃপবিদ (হার্পেটোলজিস্ট), প্রাণিবিজ্ঞানী এবং বিষ ও প্রোটিন নিয়ে কাজ করা বিজ্ঞানীদের জন্য একটি বিশেষায়িত গবেষণাগার হিসেবে কাজ করবে। এ ধরনের গবেষণার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত অবকাঠামো বাংলাদেশে বর্তমানে নেই।

    তিনি বলেন, কেন্দ্রটির প্রধান কার্যক্রমের মধ্যে থাকবে বিভিন্ন প্রজাতির সাপের বিষ সংগ্রহ, অ্যান্টিবডি তৈরি এবং সেগুলোর কার্যকারিতা যাচাইয়ে গবেষণা।

    সংগৃহীত বিষ বাংলাদেশের চাহিদা অনুযায়ী অ্যান্টিভেনম তৈরির মূল কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হবে।

    তিনি বলেন, ‘এই কেন্দ্র প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে অ্যান্টিভেনম আমদানির প্রয়োজন কমানো, এমনকি আমদানি পুরোপুরি বন্ধ করাও সম্ভব হতে পারে।’

    প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যু ৫০ শতাংশ কমানোর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    সরবরাহ বাড়ার সম্ভবনায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

    24 November, 2026

    সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

    24 November, 2026

    নতুন বিতর্কে ইমরান হাশমী

    24 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.