রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা মোজাফফর (৪০), গোলাপি (৩৫), আলমগীর (৪০) (তারা তিনজনই ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন) ও বাসের হেলপার আপেল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীতে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে নামেন। বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন যাত্রীর মৃত্যু হয়।
মিঠাপুকুরের বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কায় মোট চারজন মারা গেছেন। আহত অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।
