লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকা থেকে নিখোঁজ হওয়া সুহানা (১৪) নামে এক বহুমাত্রিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে বহনকারী মোটরসাইকেল ও চালককেও উদ্ধার করা হয়েছে।
আজ বেলা ১১টার দিকে বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে করে সুহানাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সে মোঃ এনামুল বিশ্বাস ও আন্নি খানমের মেয়ে। তাদের বাড়ি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ ঠাকুরের বাড়ির পাশে।
ঘটনার বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে অবহিত করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফুল ইসলাম নড়াইল জেলা ট্রাফিক টিমকে বিষয়টি জানান। পরে সমন্বিত তৎপরতায় নড়াইলের ভূমদদিয়া এলাকা থেকে কিশোরী সুহানাকে মোটরসাইকেল ও চালকসহ উদ্ধার করা হয়।
