পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলের প্রেসিডেনশিয়াল দোলমাবাহচে কার্যালয়ে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ১২তম উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির বৈঠকে এসব চুক্তি সই হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ও প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা হয়।
এরদোয়ান ও শেখ তামিম পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার তদারকি ও পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি।
শিক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি।
এ ছাড়া শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন ও সংঘাত নিরসনে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।
দুই দেশের ১২তম উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির বৈঠক উপলক্ষে একটি যৌথ ঘোষণায়ও স্বাক্ষর করেন এই দুই পররাষ্ট্রমন্ত্রী।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
