অর্থনীতি ডেস্ক: অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে প্রকৃত বিক্রির তথ্যের সঙ্গে ভ্যাট দাখিলপত্রে দেখানো বিক্রির হিসাবে বড় ধরনের অসংগতি পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রাথমিক অনুসন্ধানে দেশের ২৯টি রেস্তোরাঁর প্রায় ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকার বিক্রির তথ্য গোপনের চিত্র উঠে এসেছে। ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রির তথ্য বিশ্লেষণ করে এ অসংগতি শনাক্ত করেছে এনবিআরের মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনবিআরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
অধিদপ্তরের অনুসন্ধান অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট মাসে তিনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ২৯টি রেস্তোরাঁর মোট বিক্রি হয়েছে ৬ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৯১৫ টাকা। অথচ প্রতিষ্ঠানগুলো একই মাসের ভ্যাট দাখিলপত্রে ডাইন-ইন, পার্সেল ও অনলাইনসহ সর্বমোট বিক্রি দেখিয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১২৫ টাকা। অর্থাৎ দুই হিসাবের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা।
অনুসন্ধানে পরিচিত কয়েকটি রেস্তোরাঁর বিক্রির হিসাবেও বড় ধরনের গরমিল পাওয়া গেছে। এর মধ্যে বার্গার এক্সপ্রেসের বনানী, কলাবাগান, মিরপুর, মোহাম্মদপুর ও বেইলি রোডের পাঁচটি শাখায় প্রায় ৯৭ লাখ ৮৩ হাজার টাকার বিক্রির তথ্যের অসংগতি পাওয়া গেছে। শুধু বনানী শাখায় ২৯ লাখ ৩৮ হাজার টাকার অনলাইন বিক্রির বিপরীতে ভ্যাট দাখিলপত্রে দেখানো হয়েছে মাত্র ২ লাখ ৪২ হাজার টাকা।
এ ছাড়া পিৎজা বার্গের নয়টি শাখায় অনলাইন বিক্রি হয়েছে ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। বিপরীতে ভ্যাট দাখিলপত্রে দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা। ফলে দুই হিসাবের ব্যবধান ৮৪ লাখ ৫ হাজার ৯৯১ টাকা।
সুলতান’স ডাইনের গুলশান, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম শাখায় ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকার বেশি অনলাইন বিক্রির বিপরীতে ভ্যাট দাখিলপত্রে দেখানো হয়েছে ১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। এতে প্রায় ৫০ লাখ ৪ হাজার ৯৭৮ টাকার গরমিল পাওয়া গেছে। অন্যদিকে, চিলক্সের বনানী, মোহাম্মদপুর ও খিলগাঁও শাখায় প্রায় ২৬ লাখ ৩ হাজার ৬০১ টাকার বিক্রির হিসাবেও অসংগতি শনাক্ত হয়েছে।
এ ছাড়া লালবাগ বিরিয়ানি হাউস, ম্যাডশেফ, চিজ ও সেভেন ডেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিক্রির তথ্য পর্যালোচনায় অসংগতি পাওয়া গেছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের মাধ্যমে খাবার সরবরাহ করে এমন প্রায় ৬ থেকে ৭ হাজার স্বতন্ত্র রেস্তোরাঁ রয়েছে। এর মধ্যে ফুডপান্ডা থেকে ৪ হাজার, ফুডি থেকে ৫ হাজার ৩৪৯ এবং পাঠাও ফুড থেকে ৩ হাজার ৪৬৪টি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হয়েছে। একাধিক প্ল্যাটফর্মে একই প্রতিষ্ঠানের নাম থাকায় মোট সংখ্যা সমন্বয় করে এই হিসাব নির্ধারণ করা হয়েছে।
অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, সাধারণত একটি রেস্তোরাঁর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইনে এবং বাকি ৯০ শতাংশ সরাসরি বিক্রয়কেন্দ্র থেকে হয়ে থাকে। কিন্তু ২৯টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু অনলাইন বিক্রির পরিমাণই তাদের ভ্যাট দাখিলপত্রে দেখানো মোট বিক্রির চেয়ে বেশি পাওয়া গেছে। এতে প্রকৃত বিক্রির তথ্য আড়াল করে রাজস্ব ফাঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে দেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে এনবিআর। নির্দেশনায় প্রতিষ্ঠানগুলোর ভ্যাট নিবন্ধন যাচাই, গত পাঁচ বছরের অনলাইন বিক্রির তথ্য সংগ্রহ এবং সেসব তথ্যের সঙ্গে জমা দেওয়া ভ্যাট দাখিলপত্র মিলিয়ে দেখার কথা বলা হয়েছে।
পাশাপাশি প্রকৃত বিক্রির পরিমাণ নির্ধারণ করে কোনো বকেয়া ভ্যাট থাকলে তা আদায় এবং বর্তমানে পরিচালিত ব্যবসার ওপর যথাযথ ভ্যাট নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
২৯টি রেস্তোরাঁর ক্ষেত্রে পাওয়া এই অঙ্ক প্রাথমিক অনুসন্ধানে বিক্রির তথ্যের গরমিল। বিস্তারিত তদন্ত ও যাচাইয়ের পরই প্রকৃত ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।
