রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল।
রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেস্টুরেন্টটিতে এ অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের কাছে গোপন তথ্য আসে, উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য, বিশেষ করে অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় শুল্ক ফাঁকির মাধ্যমে সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কিংফিশার রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল অংশ নেয়।
অভিযানে অংশগ্রহণকারী সংস্থাগুলো হলো—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।
কাস্টমস আইন, ২০২৩-এর ১১৩, ১১৪, ১৭৬, ১৭৭, ১৭৮, ১৮০, ১৮১, ১৮২, ১৮৩, ১৮৪ ও ১৯১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অভিযানটি পরিচালিত হয়। এ ছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৮৩ ধারা, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর ৬০ বিধি এবং আয়কর আইন, ২০২৩-এর ২০২, ২০৩, ২০৪, ২০৫, ২০৬, ২০৭, ২০৮ ও ২০৯ ধারাও অভিযানের আইনি ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
