সংবিধান সংস্কারে বিরোধী দলের সংসদ সদস্য, শীর্ষ নেতা ও সংবিধান বিশেষজ্ঞদের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তবে বিরোধী দলের এ উদ্যোগকে অপ্রয়োজনীয় এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ভাঙন সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছে বিএনপি।
গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় সই করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল। পরে গণফোরাম ও জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) সনদে সই করে। তবে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিলেও বামধারার চারটি দল সনদে স্বাক্ষর করেনি।
সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে রাষ্ট্রকাঠামো সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের একটি ভিত্তি তৈরি হলেও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ।
সংবিধান সংশোধনের মাধ্যমে সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নে উদ্যোগী হয়েছে বিএনপি সরকার। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দাবি, শুধু সংবিধান সংশোধন নয়, প্রয়োজন মৌলিক সংস্কার। এ নিয়ে সংসদের ভেতরে-বাইরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
সংবিধান সংশোধনে উদ্যোগী সরকার
সংশোধন এবং সংস্কার বিতর্কের মধ্যেই সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করেছে সরকার। কমিটি পেশাজীবীদের সঙ্গে এখন পর্যন্ত ১০টি বৈঠক করেছে। এসব বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে সংসদে চূড়ান্ত প্রস্তাব দেয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রস্তাবগুলো নিয়ে আবারও গণভোট আয়োজনের পরিকল্পনার কথাও জানা গেছে।
সংস্কারের দাবিতে অনড় বিরোধী দল
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারসহ সাত দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য। এবার সরকারের গঠিত কমিটিকে জনগণের আকাঙ্ক্ষাবিরোধী আখ্যা দিয়ে পাল্টা সংবিধান সংস্কার বাস্তবায়ন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বিরোধী জোট।
বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য, শীর্ষ নেতা এবং সংবিধান বিশেষজ্ঞদের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের এই কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা সরকার ও জনগণের কাছে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
অবস্থান নিয়ে যা বলছে বিএনপি এবং জামায়াত
সংবিধান সংশোধনে সরকারের পদক্ষেপকে এখতিয়ারবহির্ভূত আখ্যা দিয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘সংবিধান নিয়ে সরকার যে সংশোধনের পথে যাচ্ছে, এটা এখতিয়ারবহির্ভূত। এই সংসদকে জনগণ সেই রায় দেয়নি। এটার জন্য আলাদা একটা ফোরাম করে সংস্কার করার কথা বলা হয়েছে। এ কারণে আমরা সংস্কার প্রক্রিয়া শুরুর জন্য আলাদা একটা কমিটি করেই জাতির সামনে তুলে ধরব যে, আসলে সংবিধান সংশোধনী কেন নয়, সংস্কার কেন প্রয়োজন।’
তবে বিরোধী দলের আলাদা কমিটি গঠনের উদ্যোগকে অপ্রয়োজনীয় বলে মনে করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বিরোধী দলক সংবিধান সংশোধন কমিটির বৈঠকে উপস্থিত হয়ে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
আলাল বলেন, ‘এই বিষয়টিতে তারা (১১ দলীয় ঐক্য) আন্দোলন না করে বরং একদিন যদি একটু লজ্জা ভেঙে সংসদে গিয়ে ওই কমিটিতে উপস্থিত হন, তাহলে কিন্তু বলটা ওনাদের কোর্টে চলে আসে। ওনারা তখন খেলতে পারেন যেভাবে খুশি। বলতে পারেন, আমরা ঠিক আছি, হাজিরা দিয়েছি। আমরা সংস্কারই চাই, এই সংশোধন শব্দটা মানব না। ওইখানে গিয়ে বলেন না, দেখেন বিএনপির প্রতিক্রিয়াটা কী হয়। এরপরও যদি বিএনপি নেতিবাচক হয়, তখন দোষারোপ করা যায়।’
তিনি আরও বলেন, ‘কিন্তু বিরোধীরা হাজির না হলে কাকে উদ্দেশ্য করে আমি কথা বলব বা কার কাছে প্রস্তাবনা চাইব?’
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে এবং ঐক্য গড়তে সংসদীয় কমিটিতে উপস্থিত হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা।
